আমাদের মধ্যে সবটুকুই ছিল | Daily AjKaler Kontho

আমাদের মধ্যে সবটুকুই ছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৪:০৫ অপরাহ্ন
আমাদের মধ্যে সবটুকুই ছিল

লাইফস্টাইল ডেস্ক : আমাদের মধ্যে সবটুকুই ছিল, শুধু একটা জিনিস কখনোই হলো না।
– কী বলো দেখি!
– সম্পর্ক। ওটা আর হয়ে উঠলো না।
– এত বছর সাথে রইলেম যে!
– ছিলাম এতটুকু ই। সাগর পাড়ে দাঁড়িয়ে, সাগর ছুঁয়ে দেখার সাহস কী সবার হয়?
– তোমার ও সাহস হয়নি তবে!
– একেবারেই যে হয়নি, তা বলতে পারি নে। তবে সবটা হয়নি। তাই ও আর হয়েও ওঠেনি।
– আমার মধ্যে ও সাহস হয়নি বলছো!
– একেবারে সঠিক করে বুঝতে পারলাম কই! যতবার ভোরের কুয়াশা কে চিনতে গেলাম, বেলা হলো। তখন সে কুয়াশা শিশির হয়ে মাটিতে ঝরে পড়লে। তখন তো আবার নূতন করে খোঁজা বৃথা।
– আঁজলা করে তুলে নিতে পারতে তো!
– বৃষ্টি হলে পারতেম। তুমি কখনো বৃষ্টি হওনি তো। জানলার গারদ ধরে চোখের জল বাইরের বাষ্পে মিলিয়ে দিয়েছো। আমার বুকে, গলায়, ঠোঁটে, চিবুকে তো মিলিয়ে যেতে দাওনি।

– তুমি মিলতে চেয়েছো কখনো?

– সাগর কী চাইলেই মিলতে পারে! নদীকে আসতে হয়।
– তবুও টান তো থাকতেই হয়। আর আমি যে নদী, এমন মনে হয় কেন তোমার? আমি বুঝি সাগর হতে পারি নে!
– না গো। তুমি চঞ্চলা। এতো গভীরতা তোমার মধ্যে আসেনি কখনোই।
– তা হবে। তবুও আমি কখনোই জিততে চাইনি।
– আর আমি না চেয়েও জিতেছি। তুমি জিতিয়ে দিয়েছো। সবসময় জিততে চাই নে তো। কখনোই চাই নে।

ওরা দুজন চুপ করে থাকে। আর কিছু বলা হয় না। সন্ধ্যা হলো ওই। শাঁখ বাজছে বামুন বাড়ি থেকে।