আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত : আইনমন্ত্রী | Daily AjKaler Kontho

আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত : আইনমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন
আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত : আইনমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে বলেছি, আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বরে এ সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং আশা করছি পাস হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক আছে সেটা তার সফরে (ইমন গিলমোর) আরও জোরদার হলো। আমরা তথ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি। ডেটা প্রটেকশন অ্যাক্ট নিয়ে অংশীজনের সঙ্গে একবার আলোচনা করার পর একটি ড্রাফট করা হয়েছে। এই ড্রাফট নিয়ে আবারও অংশীজনের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, তার সঙ্গে আমার শ্রম আইন নিয়ে আলাপ হয়েছে। এ বিষয়ে আমি বলেছি শ্রমিক এবং শ্রম আইন নিয়ে বাংলাদেশে অনেক কাজ হয়েছে এবং বর্তমানে করছি। আগামীতেও করা হবে। যেটুকু সমস্যা আছে সেটা আইএলও এর আগামী গভর্নিং বডির মিটিংয়ে সমাধান হবে আশ্বাস দিয়েছি। এ বিষয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছি।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে কী ধরনের সংশোধন আনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি মনে করি আপনাদের পরামর্শ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি এটুকু বলতে পারি- ডিজিটাল সিকিউরিটি আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সকলে খুশি হবেন।