জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিউইয়র্কে জাতিসংঘের শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ | Daily AjKaler Kontho

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিউইয়র্কে জাতিসংঘের শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৪:২২ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিউইয়র্কে জাতিসংঘের শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ

গাজীপুর প্রতিনিধি : জাতিসংঘ আয়োজিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘রূপান্তরমূলক শিক্ষা সম্মেলন’ (ট্রান্সফরমিং এডুকেশন সামিট) এ অংশগ্রহণ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনদিনব্যাপী চলা এই শিক্ষা সম্মেলনে কোভিড মহামারীতে শিখন-শিক্ষণের ক্ষতিপূরণে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যতের প্রতিবন্ধকতা দূরীকরণ ও কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় বিশেষজ্ঞ বক্তারা মতামত তুলে ধরেন। সম্মেলনে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ট্রান্সফরমিং এডুকেশন সামিটের সাফল্য নিশ্চিত করতে সকলকে অগ্রণী ভূমিকা পালনের বিষয়ে আহবান জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান বুধবার জানান, গত ১৬ সেপ্টেম্বর থেকে এই সম্মেলন শুরু হয়। প্রথম দিন রুপান্তরিত শিক্ষায় তরুণ জনগোষ্ঠীর ভূমিকা, প্রভাব এবং অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দিন শিশু ও যুবজনগোষ্ঠীকে কীভাবে বিশ্বব্যাপী সামগ্রিক ও ন্যায়সঙ্গতভাবে ডিজিটাল রুপান্তরিত শিক্ষার জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ট্রান্সফরমিং এডুকেশন নিয়ে বৈশ্বিক আরও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ১৯ সেপ্টেম্বর তৃতীয় দিনে লিডার্স ডে অনুষ্ঠিত হয়।

এ দিন শিক্ষায় নারী, শিশু ও তরুণদের অংশগ্রহণ এবং রুপান্তরিত শিক্ষায় তাদের এডেপটেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা সম্মেলনের লিডার্স ডে’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, সদস্য দেশগুলোর সরকার প্রধান, রাষ্ট্র প্রধান, আমেরিকার প্রখ্যাত অর্থনীতিবিদ জেফরি ডি স্যাক্স, নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব