আল আমিন মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে লতাচাপলী ইউপির ৮নং ওয়ার্ড পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়।তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে এক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, প্রতিবেশী যুবক ইব্রাহীম টের পেয়ে ফোন দিয়ে স্থানীয়দের জড়ো করে এবং টহল পুলিশকে জানায়। পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলিয়ে যাওয়ার সময় গুলি করে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। পুলিশের হাতে অস্ত্র থাকলে ডাকাতদের ধরা সম্ভব হতো।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতিকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
আজকালের কন্ঠ /আরিফ
আপনার মতামত লিখুন :