প্রচণ্ড গরমে ফেরিঘাটে মারা গেল ২০ গরু | Daily AjKaler Kontho

প্রচণ্ড গরমে ফেরিঘাটে মারা গেল ২০ গরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২১, ৭:৫০ অপরাহ্ন
প্রচণ্ড গরমে ফেরিঘাটে মারা গেল ২০ গরু

যানজটে আটকা পড়ে ও প্রচণ্ড তাপদাহে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে এ পর্যন্ত ২০টি গরুর মৃত্যু হয়েছে। গত তিন দিনে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ব্যবসায়ীর এসব গরুর মৃত্যু হয়।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গরুগুলো নিয়ে চট্টগ্রাম বিভাগে যাচ্ছিল ব্যবসায়ী ও খামারিরা। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা।

রোববার সরেজমিন ঘুরে ও ঘাট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, পারাপারের অপেক্ষায় থাকা আরও অনেক গরু আহত অবস্থায় দেখা যায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হঠাৎ করেই এ রুটে কোরবানির পশুবাহী যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৬টি ফেরি চলমান থাকলেও গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

ফরিদপুর থেকে গরু নিয়ে আসা আব্দুস সালাম মিয়া বলেন, আমাদের এলাকার বিভিন্ন হাট থেকে গরু কিনে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ঘাটে যানজটে পড়ে গরমে ১টি গরু মারা গেছে। বাকিগুলোও অসুস্থ হয়ে পড়েছে। একদিন হয়ে গেল এসেছি। কিন্তু পার হতে পারছি না।

মনির হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই তিন দিনে ঘাটে ২০টি গরু মারা গেছে। আমার গরুগুলোও অসুস্থ হয়ে গেছে। আমাদের জন্য পারলে কিছু করেন। গরু মারা গেলে আমরাও বাঁচব না।

বিআইডব্লিটিসির ম্যানেজার আব্দুল মমিন মিয়া বলেন, আমাদের ৬টি ফেরি চলমান আছে, আরও একটি আসতেছে। শুনেছি এ পর্যন্ত ঘাটে অপেক্ষমাণ ২০টি গরু মারা গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। গরুর গাড়ি, কাঁচামালের গাড়ি ও যাত্রীবাহী বাসকে প্রাধান্য দেয়া হচ্ছে। আশা করি দ্রুতই এ ভোগান্তি কমে যাবে।