
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপির নেতৃত্বে নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রতিমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তবে কোনো অবস্থাতেই যেন কোনো নিরীহ ও সাধারণ মানুষ হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রকৃত পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
বিক্ষোভ মিছিলে নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :