মুন্সীগঞ্জে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! অভিযুক্ত কাজের বুয়া গ্রেফতার | Daily AjKaler Kontho

মুন্সীগঞ্জে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! অভিযুক্ত কাজের বুয়া গ্রেফতার


মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! অভিযুক্ত কাজের বুয়া গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত রোজিনা আক্তারকে (২৭) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে গলিত অবস্থায় এক আনা ২৪ ক্যারেট স্বর্ণ ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা দিকে ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সুজানগর গ্রামের বাসিন্দা মো. ইকবালের (৪২) অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর তাঁর বসতঘরের ওয়ারড্রপ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান রোজিনা আক্তার ও আমজাদ মিয়া (৩০)। এ ঘটনায় ১৪ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ৩৮১ ধারায় একটি মামলা করা হয়।

মামলার পর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সমর রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তদন্ত শুরু করেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধানের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা থেকে মামলার প্রধান অভিযুক্ত রোজিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোজিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালীর বাসিন্দা। তাঁর স্বামীর নাম আমজাদ মিয়া।

সদর থানার এসআই সমর রায় জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে গলিত অবস্থায় এক আনা ২৪ ক্যারেট স্বর্ণ এবং পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ শিকার করেছেন।

আজকালের কন্ঠ/আর বি