নাটোরের সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২ | Daily AjKaler Kontho

নাটোরের সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২

নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিংড়া পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) নূর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৫২টি তাসের একটি সেট, জুয়া খেলার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি