কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ | Daily AjKaler Kontho

কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান মেরামত ও সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুসরণ না করার অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজ’ প্রকল্পের আওতায় “মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে কলেজের একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে।
অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে আগে ব্যবহৃত পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া একাডেমিক ভবনের মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরানো হয়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, “ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করছেন। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছি।”

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (পুর) তরিকুল ইসলাম জানান, ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে ইতোমধ্যে আপত্তিকর নির্মাণ সামগ্রী অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে, অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, “নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। আমি সাইটে ছিলাম না। এ সময় হয়তো শ্রমিকরা কিছু অনিয়ম করতে পারে।”

প্রায় ২৫ লাখ টাকার সরকারি অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানটির সংস্কারকাজে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন কলেজসংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি