
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মোড়াইল পুনিয়াউট রোড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় “মদিনা থাই অ্যান্ড পারটেক্স গ্যালারি” নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে আগুন লেগে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় তাহাজ্জুদের নামাজে যাওয়ার পথে এক মুসল্লী দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বখতিয়ার আহমেদ খান মহসিনকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে তাঁর দোকানে থাকা বিপুল পরিমাণ মেলামাইন বোর্ড, পিভিসি বোর্ড, ইউভি বোর্ড এবং এমডিএফ বোর্ড সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বখতিয়ার আহমেদ খান মহসিন বলেন, “মুহূর্তের মধ্যেই আমার বছরের পর বছর ধরে গড়ে তোলা কষ্টার্জিত স্বপ্ন আগুনে ছাই হয়ে গেল। দোকানে বিপুল পরিমাণ মেলামাইন, পিভিসি, ইউভি ও এমডিএফ বোর্ড ছিল, যার কিছুই আমি রক্ষা করতে পারিনি। এতে আমার আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।”
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টেলিফোনে ব্যবসায়ীর খোঁজখবর নেন,ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান,আকিজ পার্টিকেল বোর্ডের জিএম নজরুল ইসলাম এবং সিলেট রিজিনাল ম্যানেজার কাজী শাহরিয়ার ইসলাম। এছাড়া ঘটনার পরপরই আকিজ পার্টিকেল বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বখতিয়ার আহমেদ খান মহসিন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের দৃষ্টি আকর্ষণ করে জরুরি সরকারি আর্থিক সহায়তা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :