
দিনাজপুরের খানসামায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমন ধানের ফসল নষ্ট, বাড়িতে হামলা-ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
গত রবিবার (১৮ অক্টোবর) বিকেলে খানসামা মডেল প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আতাউর রহমানের ছেলে বিপ্লব। সংবাদ সম্মেলনে তিনি পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও সুবিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১৬ অক্টোবর ভোরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাঁদের আমন ধান খেতে আগাছানাশক দিয়ে ফসল নষ্ট করে। এতে তাঁদের আনুমানিক প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিপ্লব আরও অভিযোগ করেন, একই দিন সন্ধ্যায় একদল লোক সংগঠিত হয়ে তাঁদের বসতবাড়িতে চড়াও হয় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র, নলকূপ ও বিদ্যুতের মিটার ভাঙচুর করে। এছাড়া ঘর থেকে টেলিভিশন, স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তারা আত্মরক্ষার্থে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলা ও হয়রানি অব্যাহত থাকে বলে দাবি করেন তারা। এছাড়া এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের কয়েকজন সদস্যকে হেফাজতে নিলেও পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গত ১৭ ও ১৮ অক্টোবর তাঁরা জামিনে মুক্ত হন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দাবি করে, জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে তাঁদের ওপর অন্যায়ভাবে দায় চাপানোর চেষ্টা চলছে এবং এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে বলা হয়, ফসল নষ্ট বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সাথে তাঁদের পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানায়।
আপনার মতামত লিখুন :