জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত : দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত | Daily AjKaler Kontho

জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত : দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত : দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত

পিরোজপুরের জিয়ানগরের ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে মনির শিকদারের একটি হোটেল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া এ অগ্নিকাণ্ডে পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হোটেল মালিক দাবি করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাকিদ সিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির শিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

হোটেল মালিক মনির শিকদার জানান, আগুনে তাঁর হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁর হোটেলে আগুন দেওয়া হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মাসুদ সাঈদী এমপি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারন খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সকল ব্যবসায়ীকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আরো পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতি ফরিদ আহমেদ উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। পরে ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ঘরবাড়ি রক্ষা করতে সক্ষম হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যেতে পারে।

এ ঘটনায় ঘোষেরহাট বাজার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।তারা অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের জন্য যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।