
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার পায়রা নদীর লেবুখালী ও বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগঞ্জ এলাকার মো. জসিম হাওলাদার (৪৩) ও একই উপজেলার নলুয়া এলাকার মো. হান্নান খান (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও তা অমান্য করে পায়রা নদীতে মাছ শিকার করছিলেন ওই দুই জেলে। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনায় গ্রেপ্তার দুই জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :