খানসামায় ১৩ শিক্ষক -কর্মচারী বিপরীতে শিক্ষার্থী মাত্র ৪ জন | Daily AjKaler Kontho

খানসামায় ১৩ শিক্ষক -কর্মচারী বিপরীতে শিক্ষার্থী মাত্র ৪ জন


মোঃরব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
খানসামায় ১৩ শিক্ষক -কর্মচারী বিপরীতে শিক্ষার্থী মাত্র ৪ জন

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। ১৩ জন শিক্ষক-কর্মচারী থাকা সত্ত্বেও বিদ্যালয়টিতে বাস্তবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র চারজন।

​সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়টিতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে কোনো শিক্ষার্থীই উপস্থিত নেই (০ জন)। কেবল দশম শ্রেণীতে মাত্র ৪ জন শিক্ষার্থীর দেখা মেলে। অথচ কাগজ-কলমে বিদ্যালয়টিতে মোট ৯৯ জন শিক্ষার্থী রয়েছে বলে দেখানো হয়।

​অনুসন্ধানে জানা যায়, নামসর্বস্ব এই প্রতিষ্ঠানটির পেছনে সরকারের আনুমানিক মাসিক রাজস্ব ব্যয় প্রায় ৩ লাখ টাকা। সেই হিসাবে বিদ্যালয়টিতে উপস্থিত মাত্র চারজন শিক্ষার্থীর পেছনে প্রতি ছাত্রীর বিপরীতে সরকারি ব্যয় প্রায় ৭৫ হাজার টাকা।

​এই অনিয়ম ও শিক্ষার্থীশূন্যতার বিষয়ে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম। সংবাদকর্মীদের সামনে তিনি বক্তব্য দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিদর্শন করে এসে তাদেরকে শোকজ করা হয়েছে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে তারা এসে জবাব দেবে।

​স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১ একর ১১ শতক। এসব জমিকে প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম নিজের নিজস্ব সম্পদ মনে করে দায়সারাভাবে লিজ দেন বলেও অভিযোগ উঠেছে। সরকারি কোষাগারের লাখ লাখ টাকা লোপাট রোধ করতে এবং ভুয়া শিক্ষার্থী দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি