যে ইতিহাস পড়ে আছে নীরবে, সেই ঘোড়াঘাটেই এবার দুই মন্ত্রীর নজর | Daily AjKaler Kontho

যে ইতিহাস পড়ে আছে নীরবে, সেই ঘোড়াঘাটেই এবার দুই মন্ত্রীর নজর


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
যে ইতিহাস পড়ে আছে নীরবে, সেই ঘোড়াঘাটেই এবার দুই মন্ত্রীর নজর

ইতিহাসের নীরব সাক্ষী ঘোড়াঘাট দুর্গ ও প্রাচীন সুরা মসজিদ ঘুরে দেখেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি। প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এসব স্থাপনার বর্তমান অবস্থা, সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

পরিদর্শনকালে মন্ত্রী ঘোড়াঘাট দুর্গের ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে প্রাচীন এ স্থাপনার যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে মন্ত্রী উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন। সেখানে তিনি প্রাচীন মসজিদটির স্থাপত্যশৈলী, নির্মাণকৌশল ও ঐতিহাসিক গুরুত্ব ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে এর ইতিহাস সম্পর্কে অবগত হন।

স্থানীয় সুধীজনরা মনে করছেন, সরকারের দায়িত্বশীল পর্যায়ের এমন পরিদর্শনের ফলে ঘোড়াঘাটের দীর্ঘদিনের অবহেলিত প্রত্নসম্পদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হতে পারে। তাদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে এসব ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন ও সংরক্ষণ করা হলে ঘোড়াঘাটের প্রত্নঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এলাকাটির পর্যটন সম্ভাবনাও বিকশিত হবে।

পরিদর্শনকালে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি