২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী | Daily AjKaler Kontho

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য পৃথক বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের খানপুরে নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

জাকারিয়া তাহের সুমন বলেন, নারায়ণগঞ্জবাসীকে আরও সহজে সেবা দেওয়া এবং পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। রাজউক ও এনডিএ—দুটিই সরকারের প্রতিষ্ঠান। জনগণের জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে।

নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা একটি মাস্টারপ্ল্যান করা হবে। একই সঙ্গে এনডিএর আওতাধীন এলাকার সীমানা আরও বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ফতুল্লাসহ আশপাশের এলাকাগুলো অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

রাজউকের সেবা প্রসঙ্গে তিনি বলেন, রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় জনবল কম ছিল। মানুষের কাছে সেবা আরও সহজে পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ নিজ নিজ এলাকায় আরও সহজে সেবা পাবেন।

রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে গণপূর্তমন্ত্রী বলেন, বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। রাজউকের প্লটের মালিকানা একবার মিউটেশন হওয়ার পর হস্তান্তরের ক্ষেত্রে পুনরায় নামজারির প্রয়োজন না রাখাসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে কাজ চলছে।

মন্ত্রী আরও বলেন, আগামী দিনের রাজউক আগের রাজউকের তুলনায় অনেকটাই ভিন্ন হবে।

এনডিএর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি