চন্দ্রগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের লাঠিপেটায় আহত মা | Daily AjKaler Kontho

চন্দ্রগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের লাঠিপেটায় আহত মা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
চন্দ্রগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের লাঠিপেটায় আহত মা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকলিমা আক্তার রোজি নামে এক নারী আহত হয়ে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন রোজি। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আকলিমা আক্তার রোজি দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন তার প্রথম সংসারের ছেলে।

রোজির অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজু হোসেন তার কাছে থাকা জমি-জমা নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বিরোধ সৃষ্টি হয়। তবে তিনি কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে রাজি হননি।

ভুক্তভোগীর দাবি, ঘটনার দিন রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে তার কাছে আসেন এবং সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

রোজি আরও অভিযোগ করেন, মারধরের পর তার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রী তাসলিমার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, “ঘটনাটি জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি