
সারাদেশের চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন এইচএসসি পরীক্ষার্থীরা। হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাজারো পরীক্ষার্থীকে চরম ভোগান্তিতে ফেলেছে। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
বিক্ষোভে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, একই দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :