
নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত সরকারি মা ও শিশু সদনে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ কে কেন্দ্র করে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর ও এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্বজনদের অভিযোগ, আজ রোববার সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তার সন্তান জন্ম নিলেও কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়। নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নবজাতকের মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন এবং এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান জানান, ঘটনা খবর পাওয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :