
ময়মনসিংহ শহরের সদরে মেছুয়াবাজার এলাকায় এক হিন্দু প্রবাসী যুবককে কেন্দ্র করে ধর্মীয় অবমাননা, সামাজিক চাপ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ৫ ই জুন, ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে বাদ জুমার নামাজের পর একদল ইসলামপন্থী পন্থী ও স্থানীয় তৌহিদী জনতা অভিযুক্ত যুবকের বাড়ির সামনে জড়ো হয়।
ভুক্তভোগী সেই হিন্দু পরিবারের দাবি, ওই সময় যুবকটি দেশের বাইরে অবস্থান করছিলেন। তবে তাকে অনুপস্থিত পেয়ে ক্ষুব্ধ জনতা তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে এবং তার বাবাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছেলেকে দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দেয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে অন্যায় ভাবে টাকা দাবী করা হয় বলেও অভিযোগ রয়েছে। যুবকের পরিবারকে দিয়ে ইতিমধ্যেই জোরপূর্বক ক্ষমাপ্রার্থনা করতে বাধ্য করানো হয়েছে বলে জানা গিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনাকালে অভিযুক্ত যুবকের বাবাকে প্রকাশ্যে অপমান করা হয় এবং পরিবারের বিরুদ্ধে বারবার বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সামাজিক চাপ প্রয়োগ করা হয়। একইসঙ্গে প্রবাসে থাকা যুবককে স্থানীয়ভাবে অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর বাবা ( রাধাপদ পাল) এর ভাষ্যমতে, ছেলে দেশে ফিরলে “দেখে নেওয়া হবে” বলে হুমকি দেওয়া হয়। এতে পরিবারের লোকজন নিরন্তর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। অভিযুক্ত যুবকের নাম শান্ত পাল (২৩)। বাড়ি ময়মনসিংহ জেলা সদর, কৌতোয়ালি থানার অন্তর্গত মেছুয়া বাজার এলাকা।এছাড়াও একই যুবকের বিরুদ্ধে এর আগেও ধর্মীয় অবমাননা ও মহানবীকে নিয়ে কটুক্তির নানা অভিযোগ রয়েছে। যুবক বর্তমানে দেশের বাইরে আছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মামলা বা প্রশাসনিক তদন্তের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্রে জানা যায় স্থানীয় মসজিদ থেকে যুবকের পরিবারকে বারবার সাবধান করা হয়েছে।স্থানীয় মাদ্রাসা থেকে এই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরিকল্পনা চলছে বলেও সর্বশেষ জানা গিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :