ইমামরা সমাজের নৈতিক দিকনির্দেশক : বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন | Daily AjKaler Kontho

ইমামরা সমাজের নৈতিক দিকনির্দেশক : বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন


বাঘাইছড়ি প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ১:০৭ অপরাহ্ন
ইমামরা সমাজের নৈতিক দিকনির্দেশক : বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘ইমামরা সমাজের নেতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে ইমামদের দায়িত্ব, করণীয় ও সমাজে তাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূঁইয়া এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম।

এছাড়া উপস্থিত ছিলেন মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা বোরহান উদ্দিন ও সাধারণ কেয়ারটেকার আব্দুর রহমানসহ বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ।

বক্তারা বলেন, ইমামরা কেবল নামাজ পরিচালনাকারী নন; তারা সমাজের পথপ্রদর্শক, নৈতিক শিক্ষক ও দ্বীনের দাওয়াতদাতা। একটি সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়ন অনেকাংশে ইমামদের ওপর নির্ভরশীল।
তারা আরও বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে নামাজ পরিচালনার পাশাপাশি মানুষের মাঝে দ্বীনের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া ইমামদের অন্যতম দায়িত্ব। নিজের আমল ও আচরণের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইমামদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদক, দুর্নীতি, অন্যায়-অবিচার ও পারিবারিক কলহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং তরুণদের সঠিক পথে পরিচালনায় ইমামদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সময়ের পরিবর্তনের সঙ্গে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ইমামদের নিয়মিত জ্ঞানার্জন ও নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।সম্মেলনের শেষ পর্যায়ে ইমামদের সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারী ইমামরা নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর এস