নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ইজিবাইকসহ মাদক ডিলার আটক, ৭০ বোতল এসকাফ উদ্ধার | Daily AjKaler Kontho

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ইজিবাইকসহ মাদক ডিলার আটক, ৭০ বোতল এসকাফ উদ্ধার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ১:২৭ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ইজিবাইকসহ মাদক ডিলার আটক, ৭০ বোতল এসকাফ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ডিলারকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পত্নীতলা থানাধীন ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ ফিরোজ কামাল (৩০)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গুপিনগর মোড় থেকে ফিরোজ কামালকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে একজন মাদক ডিলার হিসেবে স্বীকার করেছেন। তিনি জানান, ভারত সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে এই মাদকদ্রব্যগুলো নওগাঁয় নিয়ে আসা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদক এনে জেলায় সরবরাহ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি