বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | Daily AjKaler Kontho

বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ওই অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী, ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থানরত এই দানবীয় রণতরীটি এখন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করছে। এর আগে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উদ্ধার বা আটকের অভিযানে অংশ নিতে এটি ক্যারিবিয়ান জলসীমায় অবস্থান করছিল।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর বিশাল বহর আগে থেকেই মোতায়েন রয়েছে। তার ওপর নতুন করে জেরাল্ড আর ফোর্ডকে সেখানে পাঠানোর সিদ্ধান্তটি এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা চালানো নিয়ে চূড়ান্ত পর্যালোচনায় রয়েছেন। সমর বিশেষজ্ঞদের মতে, একই অঞ্চলে দুটি শক্তিশালী রণতরীর উপস্থিতি ওয়াশিংটনের সমর প্রস্তুতির এক বড় সংকেত বহন করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চললেও তাতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। মার্কিনিরা ইরানের কাছে দাবি তুলেছে, তাদের কেবল পারমাণবিক কর্মসূচি নয় বরং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতেও বড় ধরনের কাটছাঁট করতে হবে। সেই সঙ্গে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র প্রক্সি বাহিনীকে সব ধরনের সহায়তা বন্ধের শর্ত দেওয়া হয়েছে। কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো ধরনের আলোচনায় তারা বসবে না।

আজকালের কন্ঠ/ আর এস