ময়মনসিংহে কিশোর আশিক হত্যা রহস্য উন্মোচন: কোতোয়ালী পুলিশের অভিযানে মূল আসামির স্বীকারোক্তি | Daily AjKaler Kontho

ময়মনসিংহে কিশোর আশিক হত্যা রহস্য উন্মোচন: কোতোয়ালী পুলিশের অভিযানে মূল আসামির স্বীকারোক্তি


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
ময়মনসিংহে কিশোর আশিক হত্যা রহস্য উন্মোচন: কোতোয়ালী পুলিশের অভিযানে মূল আসামির স্বীকারোক্তি

ময়মনসিংহের কিশোর আশিক (১৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের একমাত্র আসামি মো. শাহিন মিয়া (২৩)–কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ৮টা থেকে ২ নভেম্বর সকাল সাড়ে ৭টার মধ্যে ভাটি ঘাগড়া ভাটিপাড়া এলাকার শাহানারা হক @ নারগিসের বাউন্ডারি দেওয়া জমির ছোট একটি পুকুরে স্থানীয়রা কিশোর আশিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের কপাল, চোখের ওপরে, মাথার তালু ও কানের পাশে পাঁচটি ছিদ্রযুক্ত আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর নিহতের বাবা সেলিম (৪০) বাদী হয়ে মো. শাহিন মিয়াকে একমাত্র আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে অবশেষে আজ (১৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ঘাগড়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে শাহিন মিয়া পূর্ব শত্রুতার জেরে আশিককে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং আরও তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।