
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) থেকে সদ্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দেওয়া বাসে ছাত্রশিবিরের স্টিকার দেখা গেছে। এ ঘটনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬টি বাসের ব্যবস্থা করে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিশেষ বিসিএস পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল এবং পরবর্তীতে আবেদন করে শাখা ছাত্রশিবির। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় বাস চালু করা হয়।
তবে যাত্রার আগে বাসে “সার্বিক সহযোগিতায় জাককানইবি শাখা ছাত্রশিবির” লেখা স্টিকার দেখা যায়, যা শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, `মূলত প্রশাসনই এই পরিবহন সেবাটা নিশ্চিত করেছে। আমরা সহযোগিতা করেছি শুধুমাত্র। আবেদন জমা দেওয়ার পরে ছাত্রদলের ভাইয়েরা আর কোন সহযোগিতা করেন নি, সহযোগিতা মূলত ছাত্রশিবিরের পক্ষ থেকেই করা হয়েছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম কোন বক্তব্য আমরা পাই নি, ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে ছাত্রদলের সাথে কথা বলে স্টিকার তুলে ফেলার নির্দেশ দিয়েছি।’
অন্যদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন,`সাধারণ শিক্ষার্থীরা ভালো করেই জানেন এবং বিভিন্ন পত্রিকার ও বিশ্ববিদ্যালয়ের গ্রুপের মাধ্যমে অবশ্যই অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর ব্যবস্থা কিভাবে হয়েছে? ভালো কাজের প্রতিযোগিতা থাকবে সবার মাঝে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্র শিবির স্টীকার মেরে ক্রেডিট নেওয়ার যে রাজনীতি করলো এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হাসমী স্যার যে কাজটা করলো, আমরা মনে করি প্রত্যেক সচেতন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিব্রত
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন,প্রতিবারের মত এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগেই বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থাপনায় ছাত্রশিবির সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে বাসে আলাদাভাবে ছাত্রশিবিরের স্টিকার লাগানোর বিষয়টি আমি খেয়াল করিনি-এটি ঠিক হয়নি। কেন এমন করা হয়েছে, সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।’
উল্লেখ্য, ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও পর্যন্ত দুটি রুটে ৩টি করে মোট ৬টি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যা শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে যাত্রা শুরু করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :