গাজার জলসীমায় প্রবেশ করল ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি | Daily AjKaler Kontho

গাজার জলসীমায় প্রবেশ করল ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১:২১ অপরাহ্ন
গাজার জলসীমায় প্রবেশ করল ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি নৌ-অবরোধ ভেদ করে গাজায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ অবশেষে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের জাহাজটি বর্তমানে গাজার উপকূলীয় জলসীমায় অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী জাহাজটিকে আটক করেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইসরাইলি কমান্ডোরা নৌযানগুলো ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের ধড়পাকড় চালিয়ে যাচ্ছে। বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে, যাদের কয়েকটি গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল।

আজকালের কন্ঠ/আর বি