জকসু কমিটির আহ্বায়ক জানেন না কী দায়িত্ব তার? সদস্য সচিবের মন্তব্যে না | Daily AjKaler Kontho

জকসু কমিটির আহ্বায়ক জানেন না কী দায়িত্ব তার? সদস্য সচিবের মন্তব্যে না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
জকসু কমিটির আহ্বায়ক জানেন না কী দায়িত্ব তার? সদস্য সচিবের মন্তব্যে না

জবি প্রতিনিধি : অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জকসুর দাবি বহুদিনের। এ দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান। অথচ তিনি জানেনই না যে, কমিটিতে তিনি কোন দায়িত্বে আছেন।

এ বছরের ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় ছাত্র সংসদের বিধান। কমিটি হয় খসড়া নীতিমালা তৈরির। ৭ মে বিশেষ সভায় এটি পাসের প্রস্তাব উঠলেও শিক্ষার্থীদের মতামত সংযুক্তির পরামর্শে থেমে যায় সেই প্রক্রিয়া।এরপর শিক্ষার্থীদের মতামত আহ্বান করে প্রজ্ঞাপন জারি করা হয়। ৩১ মের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও দুই মাস পেরিয়ে গেছে, কার্যক্রমে নেই কোনো অগ্রগতি।

কমিটিতে আহবায়ক ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান তিনি জানেনই না যে তিনি কমিটিতে কোন দায়িত্বে আছেন। তিনি বলেন অনলাইনে মাত্র চারটি মতামত পাওয়ায় এবার অফলাইনে মতামত নেয়া হবে।

এ নিয়ে কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে জকসু গঠনের অগ্রগতি নিয়ে জানতে গেলে মেজাজ হারান খোদ কমিটির সদস্য রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ কমিটির সঙ্গে তার কোনো দায় নেই।

উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন। দেড় দশক পর ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেয়া হয়েছে ছাত্রসংসদ নির্বাচনের। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আজকালের কন্ঠ/আর বি