ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক | Daily AjKaler Kontho

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

বুধবার (২৪ জুলাই) তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে এই ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

সরকারি সূত্র জানায়, মাশকেল একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চল, যা অনিয়মিত অভিবাসনের জন্য পরিচিত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনকেই ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।

আজকালের কন্ঠ/আর বি