জুইয়ের পর এবার আবির! বড়াইগ্রামে শিশুহত্যায় কাঁপছে জনপদ | Daily AjKaler Kontho

জুইয়ের পর এবার আবির! বড়াইগ্রামে শিশুহত্যায় কাঁপছে জনপদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন
জুইয়ের পর এবার আবির! বড়াইগ্রামে শিশুহত্যায় কাঁপছে জনপদ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ফের ঘটল হৃদয়বিদারক শিশু হত্যা। নিখোঁজ হওয়ার মাত্র ছয় ঘণ্টা পর ভুট্টার গাছের নিচে পাওয়া গেল ৯ বছর বয়সী মিনহাজ হোসেন আবিরের মরদেহ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আবির। এরপর আর বাড়ি ফেরেনি।

সন্ধ্যায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। রাতেই বনলতা মসলা ফ্যাক্টরির ভেতরে আবিরের রক্তমাখা সাইকেল ও জুতা পড়ে থাকতে দেখা যায়। পরে ভুট্টার গাছের নিচে তার মরদেহ খুঁজে পায় এলাকাবাসী।

নিহত আবির মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে এবং আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জুই হত্যাকাণ্ডের রেশ কাটার আগেই নতুন করে আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা।