
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মদনে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আহত মেহেদী হাসান নবাব (২৭) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ছাত্রলীগ কর্মীর নাম নুরুজ্জামান সিফাত (২৮)। সিফাত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মৈধাম গ্রামের বাসিন্দা আ. কদ্দুছের ছেলে।
শনিবার সিফাতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
জুলাই যোদ্ধা মেহেদী হাসান নবাব উপজেলার মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। নবাব গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে চোখের দৃষ্টি হারান। সম্প্রতি জুলাই যোদ্ধা হিসেবে তার নাম গেজেটভুক্ত হয়।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নবাব ও নুরুজ্জামান সিফাতের বাড়ি একই গ্রামে। তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেদী হাসান নবাব তার নিজ বাড়ির আঙ্গিনায় পুকুরপাড়ে বসেছিলেন। হঠাৎ সিফাত তার লোকজন নিয়ে নবাবের ওপর হামলা করে। পরে প্রতিবেশী লোকজন সিফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় রাতেই মেহেদী হাসান নবাব বাদী হয়ে সিফাতসহ আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সিফাতকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
তবে নুরুজ্জামান সিফাতের স্বজনরা জানান, ‘নবাবদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সিফাত শুক্রবার সন্ধ্যায় নবাবের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :