জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি, ৭ দিনের আলটিমেটাম | Daily AjKaler Kontho

জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি, ৭ দিনের আলটিমেটাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি, ৭ দিনের আলটিমেটাম

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে জরুরি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলন চলাকালে (১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে সংঘটিত সকল বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অভিযোগকারীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার বরাবর অভিযোগকারীর পরিচয়, অভিযোগের বিস্তারিত বিবরণ, অভিযুক্তের তথ্য এবং প্রমাণাদি সিলগালাকৃত খামে জমা দিতে হবে।

প্রশাসন আরও জানিয়েছে, অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তায় সংরক্ষিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুততম সময়ের মধ্যে অভিযোগ ও প্রমাণ সংগ্রহ অত্যন্ত জরুরি।