সরকারি আদর্শ কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসব, পরিণত হলো মিলনমেলায় | Daily AjKaler Kontho

সরকারি আদর্শ কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসব, পরিণত হলো মিলনমেলায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন
সরকারি আদর্শ কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসব, পরিণত হলো মিলনমেলায়

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোহাগড়া সরকারী আদর্শ কলেজে প্রথমবারের মতো বাহারি পদের মুখরোচক পিঠা-পুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শীতের পিঠা বাঙালির জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির শখের খাবার হলো পিঠা। এদেশে এমন মানুষ কমই আছে, যারা পিঠা পছন্দ করেন না।

বাংলা ও বাঙ্গালির এই পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে এই ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা করা হয়।

মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন নাহার লিনা। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে পিঠা উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ৪০/৫০ পদের বাহারী পিঠা-পুলি নিয়ে কলেজের বিভিন্ন বিভাগের নামে স্টল দিয়েছে শিক্ষার্থীরা। কুটুমবাড়ি, নকশীকাঁথা, পিঠাবাড়ি, ময়ূরাক্ষী, পিঠাপুলি, এসো পিঠা খাই, বসন্ত পিঠা কুঠির, পিঠা আলাপ, পিঠাঘর নামে স্টল গুলোতে পায়েস, ঝিনুক পিঠা, দুধ চিতই, দুধপুলি, নারকেল পুলি, খোলা চিতই, ভাজা পিঠা, নকশী পিঠা, সুজির বড়া, জামাই পিঠা, পাটি সাপটা, লবঙ্গ পিঠা, রস পাকান, ভাপা পিঠা, তালের বড়া এসব পিঠা শোভা পায়।

বাহারী রকমের এসব পিঠা খেতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অতিথিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পিঠা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামানসহ প্রমুখ। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী পিঠা উৎসবের।