পাকিস্তানে ১৪৪ ধারা জারি | Daily AjKaler Kontho

পাকিস্তানে ১৪৪ ধারা জারি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৭:২২ অপরাহ্ন
পাকিস্তানে ১৪৪ ধারা জারি

আজকালের কন্ঠ ডেস্ক : পাকিস্তানে ইমরান খানের পিটিআইসহ কয়েকটি দলের বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ বলছে, ১৪৪ ধারা ভঙ্গ করে গণজমায়েত বা সমাবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদ পুলিশ বলেছে, কিছু মানুষ নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, গণ জমায়েতের জন্য উস্কানি দেওয়াও এক ধরনের অপরাধ।

এর আগে, ভোট চুরির অভিযোগ তুলে পাকিস্তানে বিক্ষোভের ডাক দেয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। পরে সিদ্ধান্ত বদল করে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করার কর্মসূচি দেয় দলটি।

পিটিআইয়ের দাবি, তারা একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু এরপরও তারা যেন সরকার গঠন করতে না পারে, সেজন্য বিভিন্ন আসনের ফলাফল পাল্টে দিয়ে তাদের হারানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সব আসনের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন।