
আজকালের কন্ঠ ডেস্ক : মৌলভীবাজারে চা শ্রমিকের মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে সমাবেশ করেছে চা শ্রমিকেরা। ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক দম্পতির বাসায় নিয়োজিত জেলার কমলগঞ্জের মির্তিংগা চা-বাগানের শিশু গৃহকর্মী প্রীতি উরাং মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রোববার চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল।
উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটি এবং চা শ্রমিকদের ১০ দফা বাস্থবায়ন সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পুরণ উরাং। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাসদ জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, এস এম শুভ, সিতারাম বিন, বিশ্বজিৎ নন্দী, প্রীতি উরাং এর বাবা লোকেশ উরাং ও তার মাসহ অনেকে। বিক্ষোভ সমাবেশ শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকতার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিশু প্রীতিকে স্কুলে পাঠানোর বদলে চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারা মেয়েটিকে তার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে পাঠায়েছেন। তিনি প্রথমেই দেশের প্রচলিত আইনকে লঙ্ঘন করেছেন এবং সাথে সেখানে কাজের পরিবেশ ও নিরাপত্তা আছে কি না সেটারও কোন খোঁজ নেন নাই। সৈয়দ আশফাকুল হকের ঢাকার মোহাম্মদপুরের বাসার নবম তলা থেকে এর কয়েকমাস আগেও একটা শিশু গৃহকর্মী ফেরদৌসী লাফ দিয়ে পড়ে আহত হয়।
মেয়েটির মা থানায় মামলা করলেও তার বিচার পান নাই। চা শ্রমিকদের এখন সময় এসেছে শুধু প্রীতির হত্যার বিচারেই আটকে থাকা নয়, বিচারের দাবিতে শক্ত আন্দোলন গড়ে তোলার সাথে চা শ্রমিকদের সামগ্রিক জীবন মানের উন্নয়নের জন্য তিব্র আন্দোলন চালিয়ে যাওয়া। বক্তারা আরো বলেন, আর কোন চা শ্রমিক সন্তান যাতে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে।
আপনার মতামত লিখুন :