‘টিকটক জলসা’ করবে ইমরানের পিটিআই | Daily AjKaler Kontho

‘টিকটক জলসা’ করবে ইমরানের পিটিআই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
‘টিকটক জলসা’ করবে ইমরানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন ঘিরে উত্তাপ বিরাজ করছে দেশটিতে। হামলা-সংঘর্ষের পাশাপাশি চলছে ধরপাকড়। এদিকে নির্বাচনের মাঠে বিরাজমান থাকতে গিয়ে প্রধান নেতা ও প্রতীক হারানোসহ বারবার বাধার সম্মুখীন হচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ।

ইমরান কারাগারে থাকায় তাকে ছাড়াই ভোটের মাঠে নামছে দলটি। সভা-সমাবেশ করতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাই এখন সম্বল মনে করছে ইমরানসহ দলের অন্য নেতারা। এরই অংশ হিসেবে এবার ‘টিকটক জলসা’ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে নির্বাচনি প্রচারণার অস্ত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) সহায়তা নিয়েছিল তারা। খবর ডনের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) একটি পোস্টে এ তথ্য দিয়েছে পিটিআই। শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮ টায় টিকটক জলসার আয়োজন করবে দলটি।

গতানুগতিক প্রচারণা চালাতে না পেরে পিটিআই এখন অভিনব কৌশলের ওপর নির্ভর করছে। পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া কৌশল পরিচালনাকারী মার্কিন-ভিত্তিক স্বেচ্ছাসেবক জিবরান ইলিয়াস বলেছেন, ‘ইমরান খানকে ছাড়া আমাদের কোনও রাজনৈতিক সমাবেশ পূর্ণ নয়, তবে বর্তমান পরিস্থিতিতে সমস্ত উদ্ভাবনই এখন প্রয়োজনীয়।’

জারকা সোহারওয়ার্দী তৈমুর নামে একজন পিটিআই সিনেটর বলেন, আমাদের প্রচারণা এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় চলছে। তবে, আশ্চর্যের বিষয় হল যে সেখানে আমাদের অনেক মানুষ অনুসরণ করছে। এখানেই আমরা অনেকটা এগিয়ে আছি।’