
আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীতে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু, স্বাদ নিতে পিঠাপ্রেমীদের ভীড় জমেছে।
বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে শীত। মাঘের মাঝ সময়ে সারা দেশের মতো ফেনীতেও শুরু হয়েছে পিঠা উৎসব।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে এমন পিঠা উৎসবের আয়োজন করা হয় না।ফেনী জেলা এ ধরনের উৎসব আয়োজনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
পর্যবেক্ষণে দেখা যায়, জেলা শহর ও উপজেলা থেকে অংশ নেওয়া স্টলগুলো সেজেছে ঐতিহ্যবাহী নানান রকমের পিঠার পসরায়। এতে বাহারি পিঠার বৈচিত্র্যময় ২৫টি স্টল বসেছে। এর মধ্যে ৮টিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ১০টিতে উদ্যোক্তা, একটি স্টলে আনসার ভিডিপি এবং অন্য স্টলগুলোতে ছয় উপজেলা থেকে আসা পিঠাশিল্পীরা বসেছেন। এসব স্টলে সারা দেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা দেখা যায়। ফেনীর পিঠা-প্রেমীরা পিঠার স্বাদ নিতে ভিড় করছেন এসব পিঠার স্টলে।
আরো দেখা যায়, কেউ পিঠা উৎসবে স্টল দিয়েছে, কেউ স্টলগুলো থেকে পিঠা কিনছে আর কেউ উপভোগ করেছে পিঠা উৎসবের পাশাপাশি চলা সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসানের পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সফিকুল রিদওয়ান আরমান সাকিল, সহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :