
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দিয়ে তামিম সাকিবের দ্বন্দ্ব সবার সামনে আসে। সেই দ্বন্দ্ব পেছনে ফেলে আবারও মাঠে লড়াইয়ে নামছে এই দুই তারকা। তাও প্রতিপক্ষ হিসেবে। মাঠে দুজনের কথাও হতে পারে, তবে দুজন দুজনকে যে প্রাণপণে হারাতে চাইবেন সেটি হলফ করে বলাই যায়।
আজ বিপিএলের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় মিরপুরে শুরু হচ্ছে ম্যাচটি। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।
এদিকে কাল ইংল্যান্ডে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই অনুশীলনে যোগ দেন সাকিব। প্রথম ম্যাচে সাকিবকে ঘিরেই রণকৌশল সাজাবে রংপুর। নুরুল হাসান সোহান অধিনায়ক হলেও সাকিবই রংপুরের অন্যতম কাণ্ডারি সেটি বলার অপেক্ষা রাখে না। এই দুজনের পাশাপাশি শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনির মতো তারকা ক্রিকেটাররা আছেন রংপুরের ডেরাতে।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে বলে বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।
আপনার মতামত লিখুন :