
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধে বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সঙ্গে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে তিন দফা ককটেল বিস্ফোরন, গুলি বর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ (রোববার) দুপুর সাড়ে ১২ টা ও সকাল সাড়ে ৭ টার দিকে পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের গোকুলনগরে, মাঝদিয়া মাদ্রাসা মাঠে ও শহরের স্কুলপাড়া মোড়ে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, দুপুরে ঈশ্বরদী – লালপুর মহাসড়কের গোকুলনগরে বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৮/১০ জনের একটি দল মুখ বেঁধে ৬ টি ককটেল বিস্ফোরন , কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি গ্রুপ পৃথক তিনটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
আপনার মতামত লিখুন :