সাড়ে ৭ ঘণ্টা পর পদ্মার তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক | Daily AjKaler Kontho

সাড়ে ৭ ঘণ্টা পর পদ্মার তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
সাড়ে ৭ ঘণ্টা পর পদ্মার তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্ট বন্ধ থাকার পর পদ্মার তিনটি নৌরুট- পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

গত রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১টার দিকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

জানা যায়, রাত ১০টা থেকেই রুট তিনটিতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার মাত্রা আরও বাড়ে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না।এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ সোমবার(২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।