দেশে ফিরলেন শাবনূর | Daily AjKaler Kontho

দেশে ফিরলেন শাবনূর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১:১০ অপরাহ্ন
দেশে ফিরলেন শাবনূর

বিনোদন ডেস্ক : নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। এক সময় সিনেমায় নিজের সাবলীল অভিনয়ে দিয়ে দর্শক মাতিয়েছেন এই নায়িকা। যা আজও মনে দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রোববার (১৭ ডিসেম্বর) দর্শকনন্দিত এই নায়িকার শুভ জন্মদিন। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫-এ পা দিয়েছেন শাবনূর।

তবে দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন তিনি। গত এক দশক ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। একসময় ছয় মাস পরপর দেশে আসতেন। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি শাবনূরের। অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন দর্শকনন্দিত এই নায়িকা।

এতো লম্বা সময় ধরে দেশ ছেড়ে থাকা হয়নি শাবনূরের। তাই দেশে ফেরার জন্য ব্যাপক ব্যাকুল ছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সবকিছু না মেলায় দেশে আসা হচ্ছিল না তার।

শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি তিনি। পাশাপাশি দেশে কিছু কাজ জমে আছে এই নায়িকার। তাই এই সুযোগে নিরিবিলি সেসব সেরে নিচ্ছেন শাবনূর।

এ দিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় নিজের প্রতি খুব একটা নজর দিতে পারেননি। তবে সিনেমায় ফেরার কথা হলে, তখন নিজের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন শাবনূর। পুরোপুরি ফিট হতে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি।