নাটোরে পুড়ল মেয়রের গাড়িসহ ১১ যান | Daily AjKaler Kontho

নাটোরে পুড়ল মেয়রের গাড়িসহ ১১ যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন
নাটোরে পুড়ল মেয়রের গাড়িসহ ১১ যান

আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের ব্যবহৃত জিপ গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গ্যারেজে থাকা সব গাড়ি পুড়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, সোমবার রাতে মেয়রের ব্যবহৃত গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স ও ‘চলো’ প্রকল্পের ৮টি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রাখা ছিল। আজ ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ গ্যারেজে আগুন জ্বলে ওঠে। এ সময় গ্যারেজের একজন নৈশপ্রহরী আগুনে আহত হন। আশপাশের বাড়ির লোকজন বিকট শব্দ পেয়ে বাহিরে এসে দেখেন গ্যারেজে আগুন জলছে। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশে ফোন দেন। আহত নৈশপ্রহরী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ছাড়া এখন পর্যন্ত আগুন লাগার অন্য কোনো আলামত পাইনি।