ভাইরাল ভিডিও কাণ্ডে কঠিন পদক্ষেপ নিলো দিল্লি পুলিশ | Daily AjKaler Kontho

ভাইরাল ভিডিও কাণ্ডে কঠিন পদক্ষেপ নিলো দিল্লি পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ৩:১২ অপরাহ্ন
ভাইরাল ভিডিও কাণ্ডে কঠিন পদক্ষেপ নিলো দিল্লি পুলিশ

আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।এর মাঝেই বিষয়টি নিয়ে কঠিন পদক্ষেপ নিলো দেশটির সরকার। এবার রাশমিকার পাশে দাঁড়িয়েছে দিল্লি পুলিশ।

শুধু তাই নয়, ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দিল্লি পুলিশের পক্ষে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ জানায়, রাশমিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে। এ ঘটনায় তদন্তও শুরু করা হয়েছে।

ভিডিওটি আসলে নায়িকা রাশমিকার নয়, ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে। এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে।