প্রতিদিন ১৬০ শিশু নিহত হচ্ছে | Daily AjKaler Kontho

প্রতিদিন ১৬০ শিশু নিহত হচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন
প্রতিদিন ১৬০ শিশু নিহত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন গড়ে ১৬০ শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া গত মাসে প্রায় সাড়ে ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৭ হাজার।

গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে চলমান সংঘাতে মানবিক বিরতি কার্যকর করা জরুরি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।