প্রবাসীদের এনআইডি সরবরাহে ফি নির্ধারণের চিন্তা | Daily AjKaler Kontho

প্রবাসীদের এনআইডি সরবরাহে ফি নির্ধারণের চিন্তা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২০, ৩:১১ অপরাহ্ন
প্রবাসীদের এনআইডি সরবরাহে ফি নির্ধারণের চিন্তা

প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবরাহে ‘ফি’ নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য শিগগির তা কমিশন সভায় উপস্থাপন করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, প্রবাসে স্মার্ট কার্ড বিতরণ সেবার কাজটি করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। তিনি বলেন, আগামী ২৮ তারিখে কমিশন সভায় বিষয়টি আলোচনায় রাখা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

প্রবাসীরাই এই সেবা নিতে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে জানিয়ে সাইদুল ইসলাম বলেন, প্রবাসীরা নানা আলোচনায় বলেছেন, আমরা ফ্রি কিছু চাই না। এটি আমরা টাকা দিয়েই নিতে চাই। এজন্য প্রবাসে এ সেবার জন্য খুব বেশি ফি ধরা হবে না। একটা টোকেন ফি ধরা হলে এর গুরুত্বও থাকবে।

গত বছর নভেম্বরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা চালু করা হয়। সবশেষ এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে এ সেবা চালু করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দূতাবাসের মাধ্যমে বায়োমেট্রিক নেওয়ার কাজ থমকে আছে। শিগগির এ সেবা চালুর প্রক্রিয়া রয়েছে।