যাত্রী আকর্ষণে বিমানকে সেবার মান বাড়ানোর আহ্বান | Daily AjKaler Kontho

যাত্রী আকর্ষণে বিমানকে সেবার মান বাড়ানোর আহ্বান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন
যাত্রী আকর্ষণে বিমানকে সেবার মান বাড়ানোর আহ্বান

আজকালের কন্ঠ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান বৃদ্ধি, বিমানবন্দরে হয়রানি এবং লাগেজ পরিবহনে আরও সতর্কতার দাবি জানিয়েছেন জাপানে অবস্থানরত প্রবাসি বাংলাদেশীরা। ঢাকা-টোকিও রুটে সরাসরি ফ্লাইট চালুর ফলে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে টোকিও’র একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা।

জাপান প্রবাসী বাংলাদেশিদের এসব দাবির বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম উন্নত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। যাত্রী হয়রানির যেকোনো অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের নেতারা সরাসরি ফ্লাইট চালু করায় বিমানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ১৭ বছরে আগের মত যেন ফ্লাইট আবারও বন্ধ না হয় সে বিষয়ে সতর্ক পদক্ষেপের তাগিদ দেন।

জাপান চেম্বারের সভাপতি বাদল খন্দকার বলেন, ‘আমরা সব সময় চাই জাপানীরা বাংলাদেশে বিনিয়োগ করুক। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় বাংলাদেশে একবার গেলে দ্বিতীয়বার যেতে অনেক বিনিয়োগকারী আগ্রহী হতেন না। মালামাল পরিবহণেও খরচ বেশি হয়। আমরা এখন চাইবো এই ফ্লাইট আর যেন বন্ধ না হয়। সেবার মান বাড়াতে হবে।

বিমান সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, দীর্ঘ দিন পরে ফ্লাইট শুরু করতে পেরেছি। তাই জাপান রুট সফল করতে সব ধরণের চেষ্টা অব্যাহত থাকবে। দু’দেশের যাত্রীদের পাশাপাশি কোড শেয়ারের মাধ্যমে তৃতীয় দেশের যাত্রীদেরও এ রুটে সংযুক্তির পরিকল্পনার কথা জানান বিমান এমডি।

অনুষ্ঠানে বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা কামাল, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের নেতা হক মো. সানাউল, চেম্বারের পরিচালক এবং চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী শাহীন, ব্যবসায়ী নেতা কামরুল হাসান লিপু, এ জে ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ খান আলামিন এসময় উপস্থিত ছিলেন।