আগামী জুলাই থেকে চালও দেওয়া হবে ফ্যামিলি কার্ডধারীদের : টিপু মুনশি | Daily AjKaler Kontho

আগামী জুলাই থেকে চালও দেওয়া হবে ফ্যামিলি কার্ডধারীদের : টিপু মুনশি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৩, ৪:০১ অপরাহ্ন
আগামী জুলাই থেকে চালও দেওয়া হবে ফ্যামিলি কার্ডধারীদের : টিপু মুনশি

আজকালের কন্ঠ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জুলাই থেকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি ব্যক্তিকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চালও দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ফ্যামিলি কার্ডধারী নিম্ন-আয়ের পরিবারের মাঝে জুন মাসে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে প্রতি মাসে আমরা এক কোটি পরিবারকে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। কিন্তু জুলাই মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এ কাজ সম্পন্ন হলে যে কোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয়, দেশব্যাপী সব কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ প্রমুখ।