আমরা খুব অল্প বাজেটে কাজ করি : স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

আমরা খুব অল্প বাজেটে কাজ করি : স্বাস্থ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ন
আমরা খুব অল্প বাজেটে কাজ করি : স্বাস্থ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে আমাদের অনেক অর্জন রয়েছে। মাতৃ এবং শিশুমৃত্যুর হার কমিয়ে যে অর্জন করা হয়েছে, সেটাও সম্ভব হয়েছে আপনাদের (নার্সদের) কারণে। আপনারা সবাই কাজ করেছেন বিধায় এটা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্সিংয়ের কারিকুলাম আরও আপডেট করা হচ্ছে। আপনাদের গুণগত মান যেন আরও উন্নত হয়, সেদিকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হয়েছেন, তা নিয়ে আমরা গর্ব করি। ভ্যাকসিন হিরো হওয়ার পেছনে এই নার্সরাই কাজ করেছেন। একদিনে আমরা যে এক কোটি ২০ লাখ ভ্যাকসিন দিয়েছি, এর পেছনেও বিরাট ভূমিকা রয়েছে নার্সদের।

তিনি আরও বলেন, আমরা খুব অল্প বাজেটে কাজ করি। আমাদের আশেপাশের দেশ ৩, ৪, ৮ এমনকি জিডিপির ১০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্য খাতে ব্যয় করে, যেন স্বাস্থ্য সেবাটা ভালো হয়। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে সবকিছুই বন্ধ হয়ে যায়। অথচ আমরা জিডিপির ১ শতাংশ দিয়ে কাজ করি।