স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিল একটি পরিণত দল নিয়ে। টুর্নামেন্টের দেড় বছর আগে থেকে খুব ভালোভাবে প্রস্তুত হয়েছিলেন আকবর আলীরা। দেশে-বিদেশে দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজে খেলেছেন বড় দলের মতো। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলটা সে তুলনায় মাজুর ছিল।
আগামী যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া অনূর্ধ্ব-১৯ দলটি বেশ কিছু সিরিজ খেললেও বিশ্বজয়ী দলের মতো হয়ে উঠতে পারেনি। এখন পর্যন্ত যে কয়টি সিরিজ খেলেছে, তাতে সাফল্য বলতে আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। বর্তমানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজে খুবই খারাপ খেলছে। চট্টগ্রামে অনুষ্ঠিত চার দিনের ম্যাচে বাজেভাবে হেরেছে। আশা করা হচ্ছে, পরের ম্যাচগুলোতে লড়াই করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ২০২৪ সালের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি ঠিক করে ফেলবেন কোচ স্টুয়ার্ট ল। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের যে ওয়ানডে সিরিজ হবে দেশে, সেখানে খেলার কৌশল গুরুত্ব পাবে বেশি।
৩ জুলাই ঢাকায় পৌঁছাবে প্রোটিয়া যুবারা বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে। কারণ, পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এশিয়ার কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশে খেলতে আসা। বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আরও একটি সিরিজ খেলার সুযোগ পাবে, সেটি ত্রিদেশীয়।
আপনার মতামত লিখুন :