এ বছরই সারাদেশে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু : স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

এ বছরই সারাদেশে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু : স্বাস্থ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন
এ বছরই সারাদেশে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু : স্বাস্থ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগী ও রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা বৈকালিক চিকিৎসা সেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশা করি, এ বছরেেই সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।

চিকিৎসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করতে দেশের আটটি মেডিক্যাল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেবি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সময় ভার্চুয়ালি দেশের অপর সাতটি মেডিক্যাল কলেজে স্থাপন করা এই ল্যাবের উদ্বোধন করা করেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেবি চালু হওয়ার মধ্য দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পাবে। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এই সুবিধা শুরু হলো। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেবি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ আরও বলেন, ‘এ বছরেই দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে।’

উদ্বোধনকালে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।