ব্যাপক সংঘর্ষ মিয়ানমারে,থাইল্যান্ডে পালাচ্ছে হাজার হাজার মানুষ | Daily AjKaler Kontho

ব্যাপক সংঘর্ষ মিয়ানমারে,থাইল্যান্ডে পালাচ্ছে হাজার হাজার মানুষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৩:১৬ অপরাহ্ন
ব্যাপক সংঘর্ষ মিয়ানমারে,থাইল্যান্ডে পালাচ্ছে হাজার হাজার মানুষ

আজকালের কন্ঠ ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর ফলে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহ হতে থাকে দেশটিতে।
থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের মায়াওয়াদ্দি শহরের আশপাশের এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে।

তাক প্রদেশের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ১০টি এলাকাজুড়ে অস্থায়ী আশ্রয়শিবিরে এখন পর্যন্ত পালিয়ে এসেছে প্রায় চার হাজার মানুষ। এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাহচ্ছে বলেও জানিয়েছেন তারা।

থাইল্যান্ডের ইংরেজি সংবাদপত্র খাওসোদ এবং বিবিসি বার্মিজ জানিয়েছে, জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা চালানোর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্যকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে এবং অনেকে এখনো সীমান্ত পার হওয়ার জন্য মিয়ানমারের পাশে অপেক্ষা করছে। এসব মানুষের কাছে পর্যাপ্ত পানীয় এবং শৌচালয়ের ব্যবস্থা নেই।’